নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাতজনকে হত্যা করেছে এলাকাবাসী। রবিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ভাটপাড়া গ্রামের এরশাদ মুন্সির ছেলে আনিছুল ইসলামের বাড়িতে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে ঘরে দরজা খুলতে বলে। গৃহকর্তা দরজা না খোলায় এক পর্যায়ে ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালকার ও বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর ফলে এলাকাবাসী স্থানীয় মসজিদের মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে ঘোষণা দেওয়ায় স্থানীয়রা চারদিকে দিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই সাত ডাকাত নিহত হয়। এ ছাড়া একজন গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধানক্ষেতে সাতজনের লাশ পেয়েছে।
তিনি আরো জানান, নিহতদের লাশ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।