‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথোপযুক্ত সৌজন্যতা না দেখানোটা সঠিক হয়নি’-বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শোক জানাতে এসেছিলেন। তার প্রতি সৌজন্যতা না দেখানো সঠিক হয়নি। তবে প্রধানমন্ত্রী আসছেন তা বেগম খালেদা জিয়া অজ্ঞাত ছিলেন। তিনি সে সময় প্রায় অজ্ঞানের মতো ছিলেন। আমরা কেউই তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। বেগম জিয়ার দরজা বন্ধ থাকায় প্রধানমন্ত্রী আসার খবরও তাকে জানানো সম্ভব হয়নি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল রবিবার রাত ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন মওদুদ আহমদ। তিনি আরও বলেন, ‘শনিবার গুলশান কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দসহ আমরা কেউই জানতাম না যে, মূল গেটে তালা লাগানো ছিল।’
অবরোধ কর্মসূচি প্রসঙ্গে মওদুদ বলেন, আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা ও দাফনের মধ্যেও অবরোধ চলবে। বিজয় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।