গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অপহরণের ২৬ দিন পর বংশাই নদী থেকে তিন বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারের লোকজন জানায়, উপজেলার চাপাইর এলাকার মোবারক হোসেনের মেয়ে রুশনাথ জারা ১ জানুয়ারি নিখোঁজ হয়। ২ জানুয়ারি কালিয়াকৈর থানায় ওই শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ওই শিশুটিকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি এলাকাবাসী দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দেয়। ১৯ জানুয়ারি কালিয়াকৈর থানায় আটকৃতদের বিরুদ্ধে ওই শিশুটিকে পাচারের উদ্দেশ্যে চুরি করা হয়েছে অভিযোগে মামলা হয়। আসামিরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী মালা বেগম (২৬), একই এলাকার সাদ্দাম বেপারী স্ত্রী রীনা বেগম (৩০) এবং মালার স্বামী আনোয়ার হোসেন (৩০)।
পুলিশ জানায়, মামলার সাতদিন পর শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।