স্কুল কমিটি-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ: বিষয় জামায়াত নেতা

ঢাকার নবাবগঞ্জে উপজেলায় একটি স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে জামায়াত নেতাকে অতিথি করায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে এলাকাবাসী ও স্কুল কমিটির  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলের অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুল্লাহকে অতিথি করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুল্লাকে অতিথি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বারুখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫-২০ জন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে গিয়ে শিক্ষকদের ওপর চড়াও হয়ে এক শিক্ষককে মারধর করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও শিক্ষকরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর চড়াও হলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিন জনকে আটক করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’