কার্যালয়ের কর্মকর্তাদের দুষলেন মির্জা আব্বাস

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে শোক জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপযুক্ত অভ্যর্থনা ও সৌজন্যতা না দেখানোর ব্যর্থতাকে ঐ কার্যালয়ের কর্মকর্তাদের অর্বাচীনতা হিসেবে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
সোমবার টেলিফোনে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন,চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাদের উচিত ও দায়িত্ব ছিল কার্যালয়ে আগে থেকেই উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ সিনিয়র নেতাদের প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি জানানো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমনের পর কী করা উচিত সে সম্পর্কে নির্দেশনা নেয়া। তা না করে সংশ্লিষ্টরা অর্বাচীনতার পরিচয় দিয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড গর্হিত অপরাধ। মির্জা আব্বাস চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। মির্জা আব্বাস এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের রবিবারের বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন।