নানা আয়োজনে বাংলাদেশে উদযাপিত হলো ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকাল নয়টায় রাজধানীর বারিধারায় চ্যান্সেরি কমপ্লেক্সে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন হাইকমিশনার। এরপর ভারতীয় কমিউনিটির শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে অনুষ্ঠানে পাঁচশরও বেশি ভারতীয় নাগরিক অংশ নেন।
রাজশাহীতে প্রজাতন্ত্র দিবস উদ্যাপন
ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান সহকারী হাইকমিশনার সন্দিপ মিত্র। এ সময় হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারী ও ভারতীয় নাগরিকগণ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় নগরীর শালবাগানস্থ পার্টি পয়েন্টে নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে নগরীর বিশিষ্ঠ শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।