পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ৮৬ জন

 
মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। এদিকে, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহে ৮৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনকে দেয়া হচ্ছে মরণোত্তর পুলিশ পদক। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহ।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে কাজ করে। বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ বাহিনীর সদস্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
 
প্রধানমন্ত্রীর তার বাণীতে বলেন, দেশের সকল প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।
 সরকারের অঙ্গীকার ‘রূপকল্প-২০২১’ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ অন্যতম নিয়ামক শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাবে। পুলিশকে আধুনিক রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে বিবেচনা করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে।
এদিকে, ২০১৪ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য চারটি শ্রেণীতে ভাগ করে পুলিশ সদস্যদের পদক প্রদান করা হবে।
এরমধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ১৬ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদ (পিপিএম) দেয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্মনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)- সেবা দেয়া হবে। মরনোত্তর পদক পাওয়া তিন পুলিশ সদস্য হলো-কনস্টেবল ইমাম উদ্দিন, আবদুল আওয়াল ভুঞা ও আব্দুল মালেক।