সংসদে পরিবেশ ও বনমন্ত্রী

আবাসিক এলাকায় কারখানা স্থাপনের কোন সুযোগ নেই

 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী আবাসিক এলাকায় কারখানা স্থাপনের কোন সুযোগ নেই।
রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে সোমবার সংসদে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়া হয় না। তারপরও অননুমোদিতভাবে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন করা হলে পরিবেশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণত আবাসিক এলাকায় বিভিন্ন প্রকার শিল্প কারখানা যেমন শিল্প কারখানা পলিথিন, ডাইং, ওয়াশিং কারখানা এবং ডেইরী ও পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত এ সকল শিল্প কারখানাকে যৌক্তিক  সময় দিয়ে আবাসিক এলাকা হতে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়। নির্দেশ মোতাবেক সরিয়ে নিতে ব্যর্থ হলে সেসব শিল্প প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুত্ সংযোগ বিচিছন্নসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে সম্পর্কীত একটি গবেষণা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)  কর্তৃক জুন ২০১৪ এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে বাংলাদেশ জিডিপির প্রায় ২ শতাংশ এবং ২১০০ সাল পর্যন্ত ৯.৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে।
এছাড়া পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন নীলফারামী-৪ আসনের সংসদ সদস্য মো: শওকত চৌধুরী, বগুড়া ৫ আসনের সংসদ সদস্য মো: হাবিবর রহমান,  ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিম, মহিলা আসন-২০ সংসদ সদস্য দিলারা বেগম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো: নবী নেওয়াজ, লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল্লাহ, কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম,ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী,  চাদপুর ৪ আসনের সংসদ সদস্য শামসুল হক ভ্থইয়া, বেগম ফজিলাতুন নেছা বাপ্পি ( মহিলা আসন ৩০), ফেনী ৩আসনের সংসদ সদস্য রহিম উল্লাহ’র লিখিত প্রশ্নের জবাব দেন।