চৌদ্দগ্রামে খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার। মামলায় খালেদা জিয়া ছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর সাহাব উদ্দিন এবং সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমানসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রোববার বেলা পৌনে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার পাশ্ববর্তী হায়দারপুল এলাকায় ১০-১৫ জনের একদল যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে। পরে তারা চট্টগ্রামগামী হাওলাদার কার্গো সার্র্ভিসের মালবাহী কাভার্ডভ্যানে (ঢাকামেট্রো-ট-১১-৬১৯৯) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার মামলা (জিআর-৪৩, তারিখ : ২৫-০১-২০১৫) সুত্রে জানা গেছে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ২৫ এর ডি ধারা মোতাবেক আসামীরা অপরাধ করেছে।
মামলার প্রধান আসামী চৌদ্দগ্রাম পৌরসভা চান্দিশকরা গ্রামের শিবির কর্মী ফারুক মিয়াজীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। এরমধ্যে খালেদা জিয়ার নাম ৩২ নম্বরে রয়েছে।
এদিকে চৌদ্দগ্রামের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার খবর টক অব টাউনে পরিণত হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিআইও-১) মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।