শিল্পাঞ্চল আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় বার্ডস গার্মেন্টস নামে একটি বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। গতকাল সোমবার সকাল ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন ধরেই বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা নতুন বেতন কাঠামোর দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি নাকচ করে গত ২১ জানুয়ারি থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
গতকাল সকালে প্রায় তিন হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশের সদস্যরা বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের একটি কারখানা ভাংচুর করে। এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।