পানপাত্র হাতে মোদী-সোনিয়ার শুভেচ্ছা বিনিময়

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে রবিবার রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী হাসিমুখে একে অন্যের সাথে কথা বলেন। খবর এনডিটিভি’র।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও ঐ টেবিলে উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি সোনিয়ার পাশেই ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
ভারত ও মার্কিন সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভোজসভায় আড়াইশ’র বেশি অতিথি উপস্থিত ছিলেন। এদের মধ্যে শীর্ষ রাজনৈতিক, শিল্পপতি, শিল্পী, খেলোয়াড় এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা ছিলেন।