সন্ত্রাস প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সমাজে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সন্ত্রাস প্রতিরোধে দল মত নির্বিশেষে পুলিশকে সহযোগিতার করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। মঙ্গলবার সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি gc আহবান জানান ।
তিনি বলেন,  বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিদেশে দেশের ভাবমূর্তি ও চলমান উন্নয়নে হুমকি হয়ে দাঁড়িয়েছে । একইসঙ্গে যথাযথভাবে কর্তব্য পালন করে জনগণের আস্থা অর্জন করতেও পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হবে। ‍এখানে সহিংসতা, জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান নেই।
তিনি বলেন, কেবল শান্তি বিদ্যমান থাকলে কোন দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। কিন্তু  বর্তমানে বিএনপি-জামায়াতের হঠকারী, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলায় প্রতিদিন স্বজন হারানোর বেদনা ও আর্তনাদে বাংলার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। এমনকি ছোট শিশুরাও তাদের  হিংস্রতার  থেকে রেহাই পাচ্ছে না। ধর্মীয় দিবস ও বিশ্ব ইজতেমার সময়ও তাদের হরতাল-অবরোধ চলছে।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের পর থেকে গত এক বছরে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু  বিএনপি-জামায়াত কোন কারণ ছাড়াই এবারের নৃশংসতা শুরু করেছে। তিনি এ দলগুলোকে তাদের হিংস্রতা বন্ধের আহ্বান জানান।
 গত ছয় বছরে পুলিশে ৩১ হাজার ৭৪৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরো ৫০ হাজার পদ সৃষ্টির ঘোষণা দেয়া হয়েছে।
পুলিশে বর্তমানে গ্রেড-১ পদ রয়েছে দুটি।  প্রয়োজনে আরো একটি গ্রেড-১ পদ বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
 বর্তমানে কনস্টেবল হতে এসআই পর্যন্ত ৩০ শতাংশ ঝুঁকি ভাতা পর্যায়ক্রমে ‘সকল স্তরের পুলিশ সদস্যদের জন্য বাস্তবায়নের’ও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
রাজারবাগ পুলিশ লাইনে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।