শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক। মঙ্গলবার দুপুরে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
প্রশাসনিক সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়নি। মঙ্গলবার প্রক্টরের দায়িত্ব পালনের জন্য সহকারী প্রক্টর এমদাদুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া তাকে এই দায়িত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, প্রক্টরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সহকারী প্রক্টর এমদাদুল হককে সাময়িক ভাবে প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন প্রক্টর নিয়োগ দেয়া হবে।