আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থাকে ভেঙে নতুন করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ডি ক্রিস্টনার। টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা জানান ফার্নান্দেজ। আর এ সংস্কারের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
১৯৯৪ সালে একটি জিউস সেন্টারে বোমাহামলার ঘটনার তদন্তকারী আলবার্তো নিসম্যানের (৫১) রহস্যজনক মৃত্যুর পর প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা আসল। ওই বোমাহামলার ঘটনায় ৮৫ জন নিহত হয়। এ দিকে, এ বোমাহামলার ঘটনায় অভিযুক্ত ইরানের সংশ্লিষ্টতার বিষয়টি ধামাচাপা দেয়ার ষড়যন্ত্রে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ও পররাষ্ট্রমন্ত্রী হেক্টর তিমারম্যানসহ বেশ কিছু জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন নিসম্যান।
টেলিভিশন ভাষণে ফার্নান্দেজ বলেন, সামরিক সরকারের আমলে যে অবকাঠামো ছিল, সেভাবেই চলে আসছে আমাদের গোয়েন্দা সংস্থা। অথচ ১৯৮৩ সালেই শেষ হয়ে গেছে সেই সামরিক আমল। তাই গোয়েন্দা সংস্থাকে সংস্কার করতে একটি বিল তৈরি করেছি আমি—বলেন ফার্নান্দেজ। তিনি আরো বলেন, জরুরিভিত্তিতে কংগ্রেসে অধিবেশন ডেকে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে চাই। ভাষণে ইন্টেলিজেন্স সেক্রেটারিয়েট পুরোপুরি ভেঙে ফেলে একটি যুক্তরাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট। এতে আরো বলা হয়, সংস্থাটির সমস্ত কিছুই প্রেসিডেন্টের পছন্দমতোই হবে, তবে অবশ্যই সেটি সিনেট অনুমোদিত হবে।
গত ১৮ জানুয়ারি বুয়েন্স আইরেসের একটি ফ্লাটে নিসম্যানের মৃতদেহ পাওয়া যায়। সে সময় মরদেহের পাশেই একটি বন্দুক পড়ে থাকতে দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। কিন্তু এটি কোনো আত্মহত্যার ঘটনা ছিল না বলে পরে গোয়েন্দা সংস্থা জানায়।