কায়রোর পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে। স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মিসরে ২০১১ সালের আন্দোলনের চতুর্থ বার্ষিকী পালনের সময় এ বিক্ষোভের ঘটনা ঘটল। খবর বিবিসির।
সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া, নীল নদের কাছে দুটি বিস্ফোরক বস্তু মাটিতে পোঁতার চেষ্টা করলে ২ জন নিহত হন। এ ছাড়া, সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ দিকে, এ ঘটনায় মোট ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১১ সালে আন্দোলনের মধ্য দিয়ে মিসরে পতন হয়েছিল দীর্ঘদিনের শাসক হোসনি মুবারকের। ও দিকে, দেশটিতে অভ্যুত্থানের চার বছর পূর্তি উপলক্ষে আগে থেকেই বড় বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বন্ধ করা হয়েছিল কায়রোর গুরুত্বপূর্ণ স্থানগুলো। গত বছর একই ধরনের একটি বিক্ষোভে বহু মানুষ মারা যায়।