রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত, শিবির ও বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া র্যাব মঙ্গলবার ভোরে কামরাঙ্গীচর এলাকা থেকে উদ্ধার করে ৪৮টি পেট্রোল বোমা ও দুই কেজি গান পাউডার। তবে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নগরীর রমনা, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, খিলগাঁও, ডেমরা, গেন্ডারিয়া, মিরপুর, কাফরুল ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৮ জন জামায়াত শিবির কর্মী, ১২ জন বিএনপি কর্মী ও ১ জন হিজবুত তাহরির। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- রমজান আলী ভূইয়া, স্বপন সরদার, রুবেল, সাব্বির হাসান, জসিম উদ্দিন, আব্দুর রহিম, জিয়াউর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, সাব্বির সরকার, কামাল হোসেন।
৪৮টি পেট্রোলবোমা উদ্ধার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মঙ্গলবার ভোরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৪৮টি পেট্রোলবোমা ও দুই কেজি গান পাউডার উদ্ধার করেছে।
র্যাব-১০ এর মেজর মোহাম্মদ শামীম ও তৌফিকুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও গান পাউডার উদ্ধার করে। তিনি আরো জানান, পেট্রোল বোমা ও গান পাউডারের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।