চলতি মাসেই বার্সেলোনার কাছে দু’বার হারলেও কোপা ডেল রের সেমিফাইনালে ফিরতি লেগে আজ ঘুরে দাঁড়াতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার টানা ছয় ম্যাচের জয়রথও থামাতে চায় বলে জানালেন স্ট্রাইকার অ্যান্থোনি গ্রিয়েজম্যান ও মিড ফিল্ডার থিয়েগো।
ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো সেমিফাইনালের প্রথম লেগে বার্সার কাছে হারলেও লা লিগায় সর্বশেষ খেলায় রায়ো ভায়োকানোকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। খেলাটিতে গ্রিয়েজম্যান জোড়া গোল করেন। ফরাসি স্ট্রাইকার ফিরতি লেগে আজ বার্সাকে হারিয়ে কোপা ডেল রেতে নিজেদের টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নিজেদের মাঠে আমরা অনেক শক্তিশালী। এখানে আমরা সবটুকু দিয়ে খেলবো। ভক্তদের সমর্থনও আমাদের পাশে থাকবে। আমরা সেমিফাইনালের বাঁধা উতড়াতে চাইবো। এটা বিশ্বাস না করলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না।’
ঘুরে দাঁড়ানোর কথা বললেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার থিয়েগোও। তিনি বলেন, ‘এটা ভালো একটি সুযোগ কারণ প্রথম লেগে ১-০ গোলে হারার পর সবাই মনে করছে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। কিন্তু এটা ভিসেন্তে ক্যালদেরন। এখানে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।’
খেলাটির আগে বার্সার আত্মবিশ্বাস দারুণ চাঙ্গা। গত শনিবার লা লিগার খেলায় মেসি এবং নেইমার ঝলকে এলচের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় বার্সা। বড় জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে মাত্র এক পয়েন্টের ব্যবধানটাও ধরে রেখেছে তারা। কাতালান ক্লাবটি গত ছয় খেলার সবক’টিতেই জয় পেয়েছে। এর মধ্যে অ্যাটলেটিকোকে লা লিগায় ৩-১ গোলে এবং কোপা ডেল রেতে ১-০ গোলে হারায় তারা। উপরন্তু গত চার খেলায় কোনো গোলও হজম করেনি বার্সা। আজকের খেলায়ও নজর থাকছে ফর্মে থাকা বার্সার তারকা স্ট্রাইকার লিওনেল মেসির দিকে, যিনি চলতি মৌসুমে এরই মধ্যে ৩১টি গোল করেছেন।—সকারওয়ে