রাজশাহীতে নাশকতার পরিকল্পনার সময় তিন জন শিবির নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির শিকার শিবির সদস্যরা হলেন, রাজশাহী জেলা শিবিরের দফতর সম্পাদক মাসুম ফারুক, গোদাগাড়ী উপজেলা শিবিরের সভাপতি আবদুস সামাদ ও শিবির কর্মী মনোয়ার হোসেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় জনতা ওই শিবির নেতাদের পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে বেশকিছু বেয়ারিং এর বল, কাটা, পেরেক লাগানো কাঠ ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি আরো জানান, রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর লস্করহাটি এলাকায় নাশকতার জন্য অবস্থান নেন ওই তিনজনসহ আরও কয়েকজন শিবির নেতাকর্মী। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ব্যাগ দেখতে চায়। এসময় পালানোর সময় লোকজন দুইটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।