অবরোধের আগুনে দগ্ধ আরো দুজনের মৃত্যু

বিএনপির লাগাতার অবরোধে অবরোধকারীদের আগুনে অগ্নিদগ্ধ আরো দুজনের মৃত্যু হয়েছে।
 মঙ্গলবার সকাল ৭টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় অগ্নিদগ্ধ বকুল দেবনাথ (৩৫) মারা গেছেন। অপর দিকে গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধ আব্দুর রশিদ (৩৪) নামের আরো ১জন ট্রাক চালকের হেলপার মারা গেছেন।
জানা গেছে, নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগরের সুশারকান্দির গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে।
গত ২০ জানুয়ারি মঙ্গলবার রাত ২টায় বকুল জৈন্তাপুর উপজেলার সারিঘাট থেকে বালুভতি ট্রাক নিয়ে সিলেটে ফিরছিলেন। পথিমধ্যে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় অবরোধের সমর্থনে দুর্বৃত্তরা পেট্টোল বোমা মেরে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে বকুল দেবনাথ দগ্ধ হন। এরপর তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন রাখার পরও জ্ঞান না ফেরায় ২২ জানুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু  মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এদিকে অবরোধে দিনাজপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাক চালকের হেলপার আব্দুর রশিদ মিয়া (৩২) গতকাল সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৩ জানুয়ারি রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বশিরবন্দর ব্রীজের কাছে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলার শিকার হন পঞ্চগড়গামী ট্রাকের হেলপার আব্দুর রশিদ মিয়া। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। সেদিনই তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ  সকালে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।