‘পুলিশে আরো ৫০ হাজার লোক নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ’

 
 
 স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পুলিশ বাহিনীর শক্তি বাড়াতে ৫০ হাজার নতুন জনবল বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জনবল বৃদ্ধি করতে ইতিমধ্যে নতুন এই ৫০ হাজার পদ সৃষ্টির ঘোষণা দিয়েছেন। প্রতিমন্ত্রী মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) কে নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার  দুপুরে পুলিশ সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশে সারাদেশ থেকে আগত পুলিশের সিনিয়র কর্মকতাগণ তাদের সমস্যা তুলে ধরেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশে জনবল বৃদ্ধি করতে হবে। যানবাহন সংকট দুর করতে হবে এবং পুলিশ সদস্যদের আবাসন সমস্যা নিরসন করতে হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতির নিরপত্তায় নিয়োজিত পুলিশ ও র‌্যাবকে সরকার যুগোপযোগী ও প্রযুক্তিগতভাবে আধুনিকায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সরকার বিগত ৫ বছরে পুলিশ বাহিনীতে ৩২ হাজার জনবল নিয়োগ দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সাইবার অপরাধ দমনে সরকার সাইবার ক্রাইম ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কাউন্টার টেরিরিজম পুলিশ ইউনিট গঠনের ব্যপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহন করেছে।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, র্যাবের মহাপরিচারক (ডিজি) বেনজীর আহমদ, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো: জাবেদ পাটোয়ারী ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।