আর মাত্র চারদিন পর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা যত এগিয়ে আসছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা তত বাড়ছে। চলমান রাজনৈতিক সঙ্কট, অবরোধ, হরতাল এর কারণ। ১৪ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা।
এ বিষয়ে একাধিক অভিভাবক বলছেন, অবরোধ ও হরতালের মধ্যে দৃশ্যত কোন পার্থক্য দেখা যায় না। অবরোধেও সহিংসতা হয়, হরতালেও হয়। ফলে অবরোধ ও হরতালের পার্থক্য বিবেচনা করে পরীক্ষা চালিয়ে যাওয়া না যাওয়া শিক্ষার্থীদের শংকা কমাতে পারবে না। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অবরোধের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার নিরাপত্তা বিধান করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হবে। অভিভাবকরা বলছেন, বিএনপি ‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষা হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখে। এসএসসি পরীক্ষা হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। একাধিক এসএসসি পরীক্ষার্থী এই প্রতিবেদককে বলেছেন, হরতালে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা আমরা এখনও নিশ্চিত নই। তাই ঠিকমতো পড়াশোনায় মন বসানো যাচ্ছে না। আবার অবরোধ-হরতালের মধ্যে পরীক্ষা দিতেও ভয় হয়– যদি কোন সহিংসতা হয়! মিরপুরের নজরুল ইসলাম বলেন, চিন্তায় আছি। আসলে কী হবে। পরীক্ষা ঘনিয়ে আসছে। এখনও জানতে পারছি না– পরীক্ষার সময় হরতাল-অবরোধ স্থগিত হবে কিনা। পরীক্ষার সময় হরতাল-অবরোধ আহ্বান না করার জন্য শিক্ষার্থীরা বেশকিছু দিন ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে।