মণিরামপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত তিন পুলিশ আহত

মণিরামপুরে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাত সরদার মাহাবুর (৩০) নিহত হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ খবীর উদ্দীন জানান, রাত ৩টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের বেগারীতলা নামক স্থানে সরদার নার্সারির পাশে একদল ডাকাত রাস্তার উপর গাছ ফেলে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক যশোর ফিরছিলেন। পথিমধ্যে ডাকাত দলের প্রস্তুতির বিষয়টি বুঝতে পারে। ঘটনাস্থলে পুলিশের গাড়ি পৌঁছলে পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হলে ঘটনাস্থলে মাহাবুর নামে এক ডাকাত সরদার নিহত হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১৯টি ডাকতি মামলা রয়েছে। মাহাবুর বেলকাটি গ্রামের কাবিল মোড়ল ওরফে মতলেবের পুত্র। ডাকাতের ছোঁড়া গুলিতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।