নরসিংদীতে গণপিটুনিতে নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া গেছে

সদর উপজেলার ভাটপাড়া গ্রামে (চাকশাল) ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত সাত ডাকাতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী গ্রামের আমান উল্লাহ ও আক্তার হোসেন এবং নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের আইনুল কবির।

নরসিংদী সদর থানার ওসি কেএম আবুল কাশেম জানান, দুই দিন অপেক্ষা করে যদি কেউ লাশ নিতে না আসে তবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের জন্য প্রদান করা হবে। এদের লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহত তিন ডাকাতের লাশ গতকাল মঙ্গলবার তাদের পরিবার গ্রহণ করেছে।
গত রবিবার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া (চাকশাল) গ্রামে ডাকাতির সময় উত্তেজিত গ্রামবাসী আট ডাকাতকে ধরে গণপিটুনি দিলে সাতজন ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে গণপিটুনিতে আহত আড়াইহাজার উপজেলার ঝাউকান্দী গ্রামের আব্দুর রহিম জেলা হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।