লিভারপুলকে হারিয়ে ফাইনালে চেলসি

লিভারপুলকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠে গেল চেলসি। 
প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি ম্যাচটিও নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়টাতেই বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দিল চেলসি। এতে করে সেমি-ফাইনালের দুই ম্যাচ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠলো চেলসি। 
উভয় দলের গোলরক্ষকের দৃঢ়তায় মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে নির্ধারিত সময়ে দুটি দলই ভালো কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত জোসে মরিনিয়োর দলকে ফাইনালে তুলে দেয় ব্রানিস্লাভ ইভানোভিচের দুর্দান্ত একটি হেড। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে অনেকটা লাফিয়ে উঠে উইলিয়ানের ক্রসে হেড করে রিভারপুল গোলরক্ষককে পরাস্ত করেন সার্বিয়ার এই ডিফেন্ডার।