যুক্তরাষ্ট্রভিত্তিক টেকলোনলজি জায়ান্ট অ্যাপেল জানিয়েছে, তিনমাসে তারা বাণিজ্যের ইতিহাসে নতুন লাভের রেকর্ড গড়েছে। তাদের অর্থবছরের প্রথম তিন মাসে তাদের নিট লাভ হয়েছে ১৮ বিলিয়ন ডলার (১১.৮ বিলিয়ন পাউন্ড)। এর আগে ২০১২ সালে এক্সনমোবিল তাদের অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৫.৯ বিলিয়ন ডলার আয় করেছিল। স্ট্যান্টার্ড এন্ড পুওরসের বরাত দিয়ে বুধবার বিবিসির এই তথ্য জানিয়েছে।
অ্যাপেলের এই বড় ধরনের লাভের পেছনে প্রধানত রয়েছে আইফোনের রেকর্ড পরিমাণ বিক্রি। ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত অ্যাপেল ৭৪.৫ মিলিয়ন আইফোন বিক্রি করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। আইফোন ৬ বাজারে ছাড়ার পর কোম্পানিটি যে বিক্রির আশা করেছিল তার চেয়েও অনেক বেশি বিক্রি হয়েছে।
অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল সত্যিই বিস্ময়কর।
তবে আইপ্যাড বিক্রির হার আগের চেয়ে আরো অনেক কমে গেছে। ২০১৪ সালে আইপ্যাড ১৮ শতাংশ কম বিক্রি হয়েছে।
আইফোন ৬ এর কারণে কোম্পানিটি ভালো লাভ করেছে। প্রত্যেকটি মোবাইলে ২ শতাংশ থেকে ৩৯.৯ শতাংশ লাভ করেছে অ্যাপেল। সূত্র: বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।