রাজনৈতিক সঙ্কট উত্তরণে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার আহ্বান এমাজউদ্দিনের

চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। বুধবার সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণে বর্তমান সাংগঠনিক কাঠামোয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সঙ্কট-নিরসন অকার্যকর হয়ে পড়েছে। তাই সময় এসেছে দেশের সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের সরকার প্রতিষ্ঠা করার। এ সরকারের প্রধান কাজ হবে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান যা জাতিকে বর্তমান মহা সঙ্কট থেকে উত্তরণে সহায়তা করতে পারে।
সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট বার সভাপতি এড. খোন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার যদি ক্ষমতার মোহ ত্যাগ করে জনগণের দিকে তাকায় তাহলে অবশ্যই বর্তমান সঙ্কটের সমাধান আছে। এ সঙ্কটের একমাত্র পথ হচ্ছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন।
‘চলমান জাতীয় সঙ্কট ও উত্তরণ সেমিনারে’ তিনি এ প্রস্তাব দেন।
সুশীল সমাজ আয়োজিত এ সেমিনারে আরো বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ফরহাদ মজার ও কবি আবদুল হাই সিকদার প্রমুখ।