আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়ে দেব না, ঘৃণা ও ধিক্কারের আগুন দিয়ে সহিংসতার জবাব দেব। বেগম খালেদা জিয়া ‘মানুষ বোমা’ বানাতে না পেরে তিনি পেট্রোলবোমা ও ককটেলের আগুনে দেশে নাশকতা সৃষ্টি করছেন। বুধবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি-প্রস্তর স্থাপনকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমঝোতার একটি পরিবেশ তৈরি হতে পারতো, কিন্তু ঘরের দরজা বন্ধ করে বেগম জিয়া সমঝোতার দরজা বন্ধ করে দিলেন। বেগম জিয়া পুত্র শোকে কাতর কিন্তু প্রধানমন্ত্রী সান্তনা দিতে দেখা করতে গেলেও নেতা-কর্মীরা সৌজন্যও দেখাতে পারেননি।
এ সময় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের নেতা আবু তাহের, আবদুল মমিন বিএসসি, মিয়া মো. শাহজাহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল অয়াদুদ পিন্টু ও শহীদ উল্যাহ খান সোহেলসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নোয়াখালী জিলা স্কুলে জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার ইলিয়াছ শরিফ উপস্থিত ছিলেন।