যত দ্রুত সম্ভব পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বুধবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ড. গওহর রিজভী।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন চলতি সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন,পার্বত্য অঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজও পুনরায় শুরু হবে। চুক্তি বাস্তবায়নে সরকার অনেক দূর এগিয়ে গেছে।
বৈঠক শেষে সন্তু লারমা সাংবাদিকদের জানান, চুক্তি বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা দেখাচ্ছে তা সন্তোষজনক। তবে তার ডাকা ১ মে থেকে অসহযোগ আন্দোলনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে যান তিনি।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, আইন ও সংসদ বিষয়ক সচিব, ভ’মি মন্ত্রনালয়ের সচিব, পার্বত্য মন্ত্রনালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন সার্কেল চীফ, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।