আশ্রয়প্রার্থীদের আটকাদেশ বৈধ ঘোষণা অস্ট্রেলীয় হাইকোর্টের

 
 
 
 
 
 
গত বছর অস্ট্রেলিয়ায় ১৫৭ আশ্রয়প্রার্থীর সাগরে মাসব্যাপী আটকাদেশকে স্থানীয় সময় মঙ্গলবার আইনসম্মত বলে আদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। আদালত আরো বলেছে, আশ্রয়প্রার্থী শ্রীলঙ্কার ওই গ্রুপটি প্রতারণামূলক কারাবাসের ক্ষতির দাবির অধিকারী হবে না। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার শুল্ক বিভাগের একটি জাহাজ গত বছরের ২৯ জুন আশ্রয়প্রার্থীদের নৌকাটিকে আটকে দিয়ে ক্রিসমাস দ্বীপে তাদের নৌকা থেকে নামিয়ে দেয়। এর ১৬ দিন আগে ভারত ছেড়ে আসা শ্রীলঙ্কার ওই আশ্রয়প্রার্থীদের ভারতে ফেরত পাঠানোর চেষ্টা ব্যর্থ হলে তাদের শেষ পর্যন্ত নাউরুতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নৌকায় থাকা একজন শ্রীলঙ্কান তামিলের পক্ষ থেকে এই সংক্রান্ত মামলাটি করা হয়েছিল বলে অস্ট্রেলিয়ান অ্যাসোশিয়েটেড প্রেস জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার অভ্যান্তরে শরণার্থী হিসেবে গৃহীত হওয়ার আশায় প্রধানত আফগানিস্তান, শ্রীলংকা, ইরাক ও ইরান থেকে আশ্রয়প্রার্থীরা ভারত মহাসাগরের ক্রিসমাস দ্বীপে এসেছে। এদের আগমন ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার ক্রিসমাস দ্বীপ, নাউরু এবং পাপুয়া নিউগিনিতে উপকূলীয় বন্দিশিবিরে পাঠিয়ে থাকে। এ সব শিবিরের অবস্থা নিয়ে মানবাধিকার গ্রুপগুলোর সমালোচনা রয়েছে। মঙ্গলবার আদালতের ওই আদেশের আগে দ্য হিউম্যান রাইটস ল সেন্টারের নির্বাহী পরিচালক হিউ ডি ক্রিস্টার বলেন, আশ্রয়প্রার্থীরা একটি ভৌতিক ভাগ্যপরীক্ষা সহ্য করছেন। তিনি আরো বলেন, ‘ব্যবস্থাটি নিষ্ঠুর। এটা পরিস্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’