পল্লীকবি জসীম উদদীনের অমর সৃষ্টি ‘নক্শী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থ। এবার তারই আলোকে কবি ও নির্মাতা শাহীন রেজা নির্মাণ করলেন ‘সোনাই কাহিনী’ নামের একটি টেলিছবি। ‘সোনাই’ চরিত্রে রূপদান করেছেন নবাগতা আঞ্জুমান। ‘রুপাই’ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জিদান।
নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে আঞ্জুমান বলেন, ‘‘পরিচালক যখন ‘সোনাই’ চরিত্রটিতে অভিনয় করার জন্য অনুরোধ করেন, তখনই সাগ্রহে সম্মতি জানাই। মাটির গন্ধ লাগা ‘সোনাই’কে ফুটিয়ে তুলতে আমি আমার সমগ্র প্রচেষ্টা কাজে লাগিয়েছি। পরিচালকসহ সমস্ত ইউনিটের সহযোগিতা আমাকে উজ্জীবিত করেছে।’
পরিচালক শাহীন রেজা বলেন, ‘‘ক্যামেরার সামনে নতুন হলেও আঞ্জুমান ও জিদান খুব ভালো কাজ করেছেন। তাদের কাজে আমরা সমস্ত ইউনিট সন্ু্তষ্ট। হূদয় মিডিয়াভিশনের ব্যানারে নির্মিত ‘সোনাই কাহিনী’ টেলিছবিটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ঈশ্বরদীর পদ্মাপারের মনোরম সব লোকেশনে।’’
‘সোনাই কাহিনী’ ছবিতে যারা কাজ করছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য—মম আলী, অলকা সরকার, রেবেকা, আসমা খানম, স্বপ্নীল, অপূর্ব, ওয়াজেদ আলী , ডা. আমিন, সাইফুর রশিদ খান, আসমত, আল-আমিন, শিশুশিল্পী নাঈম ও সিয়া মনি। ক্যামেরায় আছেন আসাদ, রূপসজ্জায় রানা এবং আলোক নিয়ন্ত্রণে মামুন। পরিচালকের বিশেষ সহযোগী এম মোরশেদ, প্রধান সহকারী পরিচালক সীমান্ত সজল এবং নৃত্যে তুহিন হাসান।
পহেলা বৈশাখকে টার্গেট করে নির্মিত ‘সোনাই কাহিনী’ টেলিছবিটির সম্পাদনায় রয়েছেন আলাউদদিন সাজু আর কারিগরি সহযোগিতা দিচ্ছে উইজার্ড মিডিয়া।