আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বার্ন ইউনিটে পেট্রলবোমায় দগ্ধদের আহাজারিতে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। কোকোর মৃত্যু পেট্রোল বোমা মেরে হত্যা বন্ধ করার জন্য আল্লাহর সিগনালও হতে পারে। কারণ হঠাত্ কোকোর এভাবে মৃত্যু হবে কেন? যদিও আমাদের মতো মানুষের এসব কথা বলা উচিত নয়, তারপরও বলতে হলো।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনাকে উপলদ্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আল-আমিন এই অবস্থার সৃষ্টি করছেন। বলতে খারাপ লাগে। এখন আপনি (খালেদা জিয়া) যে ব্যাথায় ব্যথিত সে ব্যাথায় আরো কত মানুষ ব্যথিত তা চিন্তা করে দেখেছেন?’ এ সময় তোফায়েল আহমেদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কমনা করে বলেন, দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হোন।
বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল-অবরোধে সহিংসতার প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, খালেদা ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর এ শোকে খালেদাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস এবার খালেদা জিয়ার উপলদ্ধি হবে এবং অন্য মায়ের কথা চিন্তা করে তিনি মানুষ হত্যা বন্ধ করবেন।