আইনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সুরঞ্জিত

‘৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি’

 
 
 
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নিষ্পত্তি হতে পারে আগামী ছয় মাসের মধ্যে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে একপ্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
কমিটি সভাপতি প্রেস ব্রিফিংয়ে বলেন, আইনমন্ত্রী কমিটিকে জানিয়েছেন আদালত নিয়মিত বসছে। মামলা নিষ্পত্তিতে ছয় মাস বা এর চেয়েও কম সময় লাগবে। এর আগে সংসদীয় কমিটি এই মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণে ক্ষোভ প্রকাশ করে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় ২৪ জন নিহত ও আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্তও ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও এ মামলার আসামি।
সংসদীয় কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বৈঠকে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান—বিভিন্ন মামলায় পুলিশের পাশাপাশি মানবাধিকার কমিশনও তদন্তের ক্ষমতা চেয়েছে। তবে কমিটি তাতে সম্মতি দেয়নি। কমিটি বলেছে—আইন অনুযায়ী পুলিশ তদন্ত করবে। যদি কোনো মামলায় মানবাধিকারের বিচ্যুতি ঘটে, সে বিষয়ে কমিশন প্রতিবেদন দেবে।
কমিটির সভাপতি আরো জানান—কমিশন তাদের অর্থনৈতিক স্বাধীনতা দাবি করেছে, এ ব্যাপারে অবশ্য কমিটি একমত পোষণ করেছে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে কমিটির সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম উপস্থিত ছিলেন।