‘মানুষ হত্যা করা খালেদা জিয়ার নেশায় পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আহ্বান—নাশকতাকারীদের দেখামাত্র যেন গুলি করা হয়।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি এ অহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যে অবরোধ-হরতালের নামে নিরীহ মানুষগুলো পুড়িয়ে মারছেন, সেই সব সন্তানহারা মায়েদের আর্তনাদ কে শুনবে?’
মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। আইএসআইয়ের দালাল হয়ে বাংলাদেশকে পাকিস্তান সৃষ্টি করতেই তার এই অবরোধ।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন অর্থনীতিতে সমৃদ্ধ হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে একমাত্র এই অবরোধ।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।