ভল্লুকের রুট ক্যানেল

দাঁতের যন্ত্রণা কারো পক্ষেই সহ্য করা সম্ভব না। মানুষের পাশাপাশি প্রাণিকুলেরও দাঁতের সমস্যা হতে পারে। তবে তার খবর কে রাখে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি চিড়িয়াখানার একটি ভল্লুকের দাঁতের যন্ত্রণা ঠিকই অনুভব করতে পেরেছিলো কর্তৃপক্ষ। ভল্লুকটির দাঁতের সমস্যা সমাধানের জন্য করা হয়েছে রুট ক্যানেল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে অপারেশনের পর ভল্লুকটির কী অবস্থা তা-ও জানিয়েছে। অপারেশনের সময় ওমাই নামের ওই ভল্লুকটি চিকিত্সকদের খুবই সহযোগিতা করেছে। উপরের পাটির বাম দিকের তিন নম্বর দাঁতটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ওই দাঁতটির মজ্জা ফেলে দিয়ে সেখানে রাবারের তন্তু ব্যবহার করে মিশ্রণ দিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে দেয়া হয়েছে। তার সহযোগিতার কারণে খুব ভালোভাবেই অপারেশন সম্পন্ন হয়েছে। অ্যানেস্থেসিয়া থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাল্লুকটি। ৯ বছর বয়সী ভাল্লুকটি কাঠের টুকরা চিবাতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিলো।-ইউপিআই