বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে বৃহস্পতিবারের হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।
সকালের দিকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে কম। তবে রিকশা, সিএনজি ও বাসের সংখ্যা কিছুটা বেশি।
হরতালে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলাগুলোতে বাসসহ অন্যান্য যান চলছে।
নাশকতা এড়াতে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে চলমান অবরোধের মধ্যেই ঢাকাসহ নয় জেলায় আজকের এই হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।