বিএনপির তরিকুলসহ ৪ নেতার বাড়িতে হাতবোমা নিক্ষেপ

 

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোরস্থ চার নেতার বাড়িতে বুধবার গভীর রাতে হাতবোমা নিক্ষেপ এবং আরো এক নেতার অটোরিকশার গোডাউনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার শিকার অন্য নেতারা হলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সহসম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। নিজ নিজ পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সিরাজ বলেন,‘ককটেলের শব্দ পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু দরজা বন্ধ থাকায় বাড়ির মধ্যে ঢুকতে পারিনি।’

যশোর পুলিশের এএসপি (সদর) রেশমা শারমিন ও কোতয়ালি থানার ওসি ইনামুল হক জানান—বিএনপি নেতাদের বাড়িতে হাতবোমা বিষ্ফোরণের ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।’