মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে এবার ৯৯৩টি পয়েন্টে ১২ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুক্রবার থেকেই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২১৬টি পয়েন্টে আনসার সদস্যদের মোতায়েন করা হবে। পর্যায়ক্রমে আনসার মোতায়েন হবে অন্য পয়েন্টেও।’
বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নাশকতার বিষয়ে জনসচেতনা সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হবে, যাতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে।’
অন্যদের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।