নওগাঁর রাণীনগর উপজেলার কাটরাশইন গ্রামে একটি নিমগাছ থেকে অলৌকিকভাবে পড়ছে সুমিষ্ট রস! যে যে নিয়তে এই রস পান করছেন তাদের সেই নিয়তও পূরণ হচ্ছে জানা গেছে!
সরেজমিনে গিয়ে জানা যায় যে, উপজেলার কাটরাশইন বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত একটি নিমগাছ থেকে হঠাত্ করে গত কয়েক দিন যাবত খেজুরের গাছের মতো ফোটায় ফোটায় রস পড়তে দেখতে পায় স্থানীয় লোকজন। অলৌকিকভাবে বের হওয়া এই রস কেমন তা দেখার জন্য মুখে দিলে সুমিষ্ট স্বাদ পাওয়া যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই খবর মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে জনগণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয় এবং এই রস সাধারণ কোনো রস নয় বলে অনেকের ধারণা। এতে এলাকার বিভিন্ন স্থান হতে উত্সুক লোকজন এসে এই রস পান করার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন।
রস পান করতে আসা উপজেলার কাজীপাড়া গ্রামের রেজাউল কাজী (৪০) জানান, তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তিনি এই রস নিয়মিত পান করে তার জটিল এই রোগ হতে আরাম পেয়েছেন বলে জানান।
উপজেলার দীঘির পাড় গ্রামের মকবুল আকন্দ (৭০) জানান, তিনি দীর্ঘদিন যাবত পেটের উদারাময় রোগে ভুগছিলেন । বিভিন্ন ডাক্তারের চিকিত্সা গ্রহণ করেও তিনি এই রোগ হতে মুক্তি পাননি। এই নিম গাছের রস পান করে এই জটিল ব্যাধি হতে তিনি আরোগ্য লাভ করেছেন বলে জানান।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা বাবলু সোনার (৪০), আব্দুর রহিম (৬০), চন্দ্র বিবি (৪২) ,বানেছা (২৮) সহ অনেকে জানান বিভিন্ন গোপন নিয়তে এই রস পান করে উপকৃত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারোয়ার জানান, নিম গাছের বিভিন্ন জাতভেদে হরমোনের পরিবর্তন জনিত কারণে এই রকম ঘটনা ঘটতে পারে।