আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জনগণের দাবির প্রতিফলন ঘটাতেই হরতালবিরোধী আইন করা হবে। বর্তমানে জনগণ হরতালে সব রকম সহিংসতা বন্ধে আইন প্রণয়নের দাবি জানাচ্ছে। এটা বন্ধে আমরা ইতমধ্যে চিন্তা-ভাবনা শুরু করেছি। ককটেল বিস্ফোরনে গুরুতর আহত সহকারী জজ আসাদুজ্জামানকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে। যে কোনো সহিংসতা বন্ধে অনেকগুলো ধাপ আছে। যা প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, অপরাধ দমনে আমাদের দেশে অনেক আইন আছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী জজদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গতানুগতিক বা দায়সারা ভাব পরিহার করে কর্মক্ষেত্রে সৃজনশীলতার পরিচয় দিয়ে দেশে মানসম্পন্ন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিচারকদের বিন্দুমাত্র লোভ কিংবা অসততার কারণে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যাতে কোনো বিরূপ ধারণার সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক এবং ইনস্টিটিউটের পরিচালক মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।