এসএসসি পরীক্ষার কেন্দ্র পাহারা দেবে ১৪ দল : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন করতে সারাদেশে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ১৪ দলের নেতাকর্মীরা পাহারা দিবেন। আন্দোলনের নামে যাতে কেউ পরীক্ষার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, পরীক্ষার সময় ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে, পরীক্ষা দিতে পারে সেজন্য ১৪ দলের নেতাকর্মীরা স্কুলগুলো পাহারা দিবেন। এছাড়া আগামী কয়েকটা দিন নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লা পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে আইনশৃংখলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, শান্তির জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হয়।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।
ইনু বলেন, মানুষ পোড়ালে আপনার বিরুদ্ধে একটার পর একটা মামলা হবে। তিনি বলেন, আপনার ছোট পুত্র আরাফাত রহমান কোকো মারা গেছে ৪০ দিনও হয়নি। দোয়া দুরুদ পড়ুন। কোরআন শরীফ পড়ুন।  মানুষ পোড়ানো বন্ধ করুণ। নইলে এর পরিণতি হবে ভয়াবহ।