চৌদ্দগ্রামে দুই ঘন্টার ব্যবধানে দুই কাভার্ডভ্যানে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে দুই ঘন্টার ব্যবধানে পণ্যবাহী দুই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিওড়া ও বাতিসা এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকায় মহাসড়কে একদল যুবক অবরোধের সমর্থনে বিক্ষোভ করে। এসময় তারা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে (ঢাকা মেট্টো-ট-১১-৪৪৬২) আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের বাতিসা রয়েল হোস্ট হোটেলের সামনে অবরোধ সমর্থকরা ঢাকাগামী ডায়মন্ড কার্গো সাভির্স পরিবহনের একটি কাভার্ডভ্যানে (ঝালুকাঠি-ট-১১-০০৯৮) অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
তবে ঘটনায় কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।
এব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ও বাতিসা এলাকায় দূর্বৃত্তরা দুইটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।