আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের জনগণ নাশকতাকারীদের গুলি করে হত্যা করার পক্ষে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির অবরোধ ও নাশকতার প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ওই সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ফ্রান্সে যারা পত্রিকা অফিসে হামলা করেছে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। বেলজিয়ামে হামলাকারীদের হত্যা করা হয়েছে। আমেরিকার বোস্টনেও হামলাকারীদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষও চায় নাশকতাকারীদের গুলি করে হত্যা করা হোক। জনগণ এই হামলাকারীদের প্রাণভরে ঘৃণা করছে। মানবাধিকার সংগঠনগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা সাবধান হোন। পেট্রোলবোমায় আহতদের পক্ষে কথা না বলে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাদের গুলি করা হচ্ছে তাদের পক্ষে বিবৃতি দেয়া থেকে বিরত থাকুন। এই ধরনের বিবৃতি দিয়ে গণশত্রুতে পরিণত হবেন না।
নাশকতায় নিহতদের জন্য বিএনপির দোয়া দিবসকে ‘ভাওতাবাজি’ হিসেবে আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, খুনীরা যাদের খুন করেছে তাদের জন্য আবার দোয়া করবে। এর মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মীয়-স্বজনদের ওরা অপমান করতে চায়। এ ধরনের ভাওতাবাজি শুধু বিএনপির পক্ষেই সম্ভব। এদের ধাওয়া দেয়া উচিত। গত এক মাসের অবরোধে গাড়িতে পোড়া মানুষের বর্ণনা দিয়ে হাছান মাহমুদ বলেন, এটি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের চিত্র নয়। এটা হল বাংলাদেশের চিত্র। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো প্রমুখ।