সিরাজগঞ্জের কাজীপুর থানায় এক কলেজ ছাত্রীকে নির্যাতনের ঘটনায় কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ ৫ পুলিশকে ক্লোজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ দেয়া হয়।
ক্লোজ হওয়া অপর পুলিশ সদস্যরা হলো কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত), আব্দুর রাজ্জাক, এস আই আশফাকুর রহমান, কনস্টেবল রনি খাতুন ও সীমা খাতুন। সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় আপাতত তাদেরকে ক্লোজ করা হয়েছে। পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে কাজীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের গৃহবধূ আছিয়া খাতুন হত্যার ঘটনায় কাজীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে গত ২১ জানুয়ারি পুলিশ গ্রেফতার করে ছয় দিন থানা হাজতে আটকে রেখে নির্যাতন চালায়। গত ২৭ জানুয়ারি তাকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেন। পরে বিচারক ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন। দাখিলকৃত প্রতিবেদনে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখমের বিষয়টি উল্লেখ করা হয়।