কুমিল্লার হোমনা উপজেলা ইত্তেফাক সংবাদদাতা ও সাপ্তাহিক হোমনার আলো পত্রিকার সম্পাদক কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদের আহত, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। সাংবাদিক কামালের পিতা তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার রাতে এ মামলাটি করেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব শ্রীমদ্দি গ্রামে সাংবাদিক কামালের বাড়ির সীমানা প্রাচীরের কাজ চলাকালে একই গ্রামের ধন মিয়া (ধনু) ও জলিল পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ চাঁদা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ধনু ও জলিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, লোহার শাবলসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায় এবং সীমানা প্রাচীর ভাঙচুর করতে থাকে। এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা কামালের মা ফরিদা বেগম (৫৭), পিতা তোফাজ্জল হোসেন (৬৫) ও কলেজ পড়–য়া ছোট বোন আয়েশা আকলিমাকে (১৬) পিটিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তার মায়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, পিতার মোবাইলসেট, সুকেসের তালা ভেঙ্গে একজোড়া কানের দুল, গলার হার, হাতের রুলিসহ পাঁচ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় সাংবাদিক কামালের পিতা মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে, তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।