এক বছরে আম আদমি নেতাদের সম্পদ দ্বিগুণ

 
ভারতের আলোচিত রাজনৈতিক দল আম আদমির সৃষ্টি হয়েছিল দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে। কিন্তু যতোই দিন যাচ্ছে ততই দলটির বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এনডিটিভি একটি সমীক্ষার বরাত দিয়ে জানিয়েছে, দিল্লির আগামী বিধানসভা নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ২০১৩ সালের ডিসেম্বরের সম্পদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। আম আদমি পার্টির প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ পাঁচ দশমিক ৮৯ কটি রুপি। যেখানে ২০১৩ সালের ডিসেম্বর মাসে তাদের গড় সম্পদের পরিমাণ ছিল দুই দশমিক ৪৯ কোটি রুপি।
অপরদিকে দলটির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপির প্রার্থীদের সম্পদ আগের তুলনায় কমতে দেখা গেছে। কংগ্রেসের প্রার্থীদের সম্পদ ১৪ দশমিক ২৫ কোটি রুপি থেকে কমে নয় দশমিক ৬০ কোটি টাকা হয়েছে। আর বিজেপি প্রার্থীদের গড় সম্পদ আট দশমিক ২৯ কোটি রুপি থেকে কমে সাত দশমিক ৯৬ কোটি রুপি দাঁড়িয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের ভোট গ্রহণ করা হবে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ১০ ফেব্রুয়ারি।