শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবার্ষিকী

শিল্পকলা একাডেমির বছরভর শিশুচিত্রাংকন কর্মশালা শুরু

 
 
বাংলাদেশের আধুনিক চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার ৫ থেকে ১৫ বছরের শিশুদের অংশগ্রহণে শুরু হয় বছরব্যাপী চিত্রাংকন কর্মশালা-২০১৫। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বছরব্যাপী চলবে এ শিশু-কিশোর চিত্রাংকন কর্মশালা। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিশু চিত্রাংকন কর্মশালা  উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১৪ সালে প্রথম শুরু করে বছরব্যাপী শিশু চিত্রাংকন কর্মশালা, এরই ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সাধারণ ও বিশেষ এ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এ বছরের কর্মশালাকে। এর আগে যারা শিল্পকলা একাডেমি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে চিত্রাংকন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে তারা বিশেষ বিভাগে এবং এ বছর যারা প্রথম কর্মশালায় অংশগ্রহণ করেছে, তারা সাধারণ হিসেবে বছরব্যাপী কর্মশালা সম্পন্ন করবে। এ বছরের কর্মশালায় এ পর্যন্ত ২৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। চলতি সপ্তাহে ভর্তি কার্যক্রম চালু থাকবে।
 উল্লেখ্য, বাংলাদেশের আধুনিক চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার শিল্পপ্রতিভার বিকাশ পাওয়া যায় তরুণ বয়সেই। বাংলার নিসর্গতাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছিল। একই সাথে তিনি জীবন বাস্তবতার এক শক্তিশালী শিল্পী, জীবনযুদ্ধে নিয়ত সংগ্রামশীল সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন তার ছবিতে। কলকাতা আর্ট স্কুলের ছাত্রাবস্থায় চমত্কার নিসর্গ চিত্রের মাধ্যমে এবং অল্প দিনের মধ্যেই এক স্কুলের নবীন শিক্ষক থাকাকালে বাংলার ’৪৩-এর দুর্ভিক্ষ বিষয়ক অসাধারণ স্কেচগুলোর মাধ্যমে তিনি এ অঞ্চলের চারুকলার জগতে স্থায়ী আসন করে নেন। এ কারণে তাকে ভূষিত করা হয় ‘শিল্পাচার্য’ সম্মানে।