বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটের বিশ্বনাথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দেওকলস নোয়াগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে নোমান আহমদ (১৬) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে খালেদ আহমদ (১৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, দেওকলস গ্রামের ফখরুল ইসলাম মতছিন চেয়ারম্যানের পুত্র রাহিম আহমদকে (১৯)।   
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথগামী একটি মাটি ভর্তি ট্রাক (ঢাকা-মেট্রো ড-১১-০৪৩৭) মোটরসাইকেল (সিলেট-এ ১১-১৭০৮) আরোহী তিন কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা নোমানের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী খালেদকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।