নারায়ণগঞ্জে ট্রাক চাপায় শিশু সহ নিহত ৩

 
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়ায় বাবা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মেয়েটির মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন অলিউদ্দিন (৩৭), তার মেয়ে সুমাইয়া (৭) ও অটোরিক্সা চালক। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই স্বপন কুমার দাস জানান, ফতুল্লার ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শুক্রবার রাত ৭টায় ব্যাটারি চালিত অটো রিকশাকে ঢাকামুখী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া ও অটো রিকশার চালক মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অলিউদ্দিন মারা যায়।