পেট্রোল বোমা নিক্ষেপকারী পাঁচ দুর্বৃত্ত গ্রেফতার

হেলপারকে পুড়িয়ে মারা, বাসে পেট্রোল বোমা  নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ফজল মিয়া ওরফে সজল, খায়রুল ইসলাম ওরফে সিলটি খায়রুল ও শওকত ইসলামকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। অপরদিকে মনির হোসেন ও সাগর মিয়াকে ১৩টি পেট্রোল বোমাসহ গ্রেফতার করে র্যাব-১ একটি টিম।

ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ফজল, খায়রুল ও শওকতকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন নোয়াদ্দা এলাকা থেকে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, গত ২০ জানুয়ারি রাতে ঢাকা-মাওয়া সড়কের রাজেন্দ্রপুর বাজার বাসস্ট্যান্ডে সিরাজদিখান পরিবহনের একটি বাসে তারা অগ্নিসংযোগ করে। এতে ঘুমন্ত অবস্থায় বাসের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়। এছাড়া এলাকায় বেশ কয়েকটি বাসে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আর এ কাজে নেতৃত্ব ও অর্থের যোগান দেয় তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মোল্লা। পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনেজিজ্ঞাসাবাদ চলছে। পাভেল মোল্লাসহ অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গাজীপুরে ১৩ পেট্রোল বোমাসহ আটক ২ ঃ এদিকে, র্যাব-১ একটি টিম গতকাল শুক্রবার ভোরে গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩টি পেট্রোল বোমাসহ দুইজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে মনির হোসেন ও সাগর মিয়া।

র্যাব-১ কর্মকর্তারা জানান, গত ১৫ জানুয়ারি গ্রেফতারকৃতদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় কালিয়াকুর বটতলা এলাকার তালিবাবাত ভূ-উপগ্রহ কেন্দ্রের সামনে নিহত হয় ঘুমন্ত বাস হেলপার তোফাজল হোসেন। ঘটনার পর থেকে তারা বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।