সরকার পদত্যাগ করলেই আন্দোলন থামবে : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করার উপক্রম করেছে এই সরকার। তিনি বলেন, সরকার পদত্যাগ করলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। আন্দোলন থেমে যাবে।

১৫ লাখ পরীক্ষার্থীর কথা বিবেচনা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, শান্তিপূর্ণ অবরোধ অব্যাহত রাখতে হবে। এই অবরোধ দেশে শান্তির জন্য, নিরাপত্তার জন্য, মানুষকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়ার জন্য। কোনো চোখ রাঙানি, হুমকি আর যৌথবাহিনীর টার্গেট প্র্যাকটিস আন্দোলনকারীদের থমকে দিতে পারবে না।